প্রতিবেদন: আসন্ন দীপাবলি জেলেই কাটবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। দীপাবলির আগে শুক্রবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। কিন্তু এদিন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় তাঁর জামিনের আবেদনে সাড়া দেননি। আদালত জানিয়েছে ১২ নভেম্বর পুজোর ছুটির পর হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে। শালবনিতে জমি দুর্নীতি কাণ্ডে আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ হতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে ও জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। শুক্রবার সুমিতের আইনজীবী কিশোর দত্ত জানান, প্রায় ৫ বছরের পুরনো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এটা শুধু মাত্র রাজনৈতিক উদ্দেশ্যে। রাজ্যের অতিরিক্ত এজি রাজদীপ মজুমদারের বলেন, এই মামলায় তদন্তকারীদের হাতে অনেক তথ্য আছে। অভিযুক্ত জামিন পেয়ে গেলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।দু’পক্ষের বক্তব্য শোনার পরেই বিচারপতি মুখোপাধ্যায় কোনও মন্তব্য করেননি। তিনি জানান, পুজোর ছুটির পর আদালত খুললে নিয়মিত বেঞ্চে মামলার শুনানি হবে।

Be the first to comment