রোজদিন ডেস্ক :
তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়িতে হামলার অভিযোগ নিয়ে আজ দিনভর কালীঘাট এলাকা সরগরম ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে সমাবেশ করে বিজেপি, পুলিশকে তুলোধুনো করেন। বলেন, পুলিশ কমিশনারের পদত্যাগ করা উচিত। সুর চড়িয়ে দাবি করেন,তাঁরা ইন্ডিয়া জোটের বৈঠকে গেছিলেন বলেই বিজেপি তাঁদের নিশানা করেছে। অভিষেকের বাড়ি হামলার ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় থাকার অভিযোগে তীব্র আক্রমণ শানান কালীঘাট থানার ওসি-র বিরুদ্ধেও।
পুলিশকে হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের কাজ করতে না দিলে তাঁরা মামলা করবেন।
শুক্রবার গভীর রাতে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তুলকালাম বাধার প্রেক্ষিতে ওখানে ১৬৩ ধারা জারি হয়েছে।
আজ দুপুরে ফের ওখানে উত্তেজনা দেখা দেয়। অভিষেকের জন্মদিন পালন করার জন্য রাস্তা দখল করার অভিযোগ নিয়ে পটুয়ারা বিক্ষোভ দেখান। আগামীকাল কালীপুজো। রাস্তা বন্ধ থাকায় তাঁদের প্রতিমা বেরোতে সমস্যা হচ্ছে বলে সরব হন। মমতা ব্যানার্জির অনুগামীদের দাবি, ওঁরা বিজেপি সমর্থক।
ওই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির বাড়িতে ছিলেন। তিনি বেরিয়ে এসে চেয়ারে উঠে হ্যান্ড মাইক নিয়ে বিজেপি, পুলিশকে তীব্র আক্রমণ করেন।
ঝানু রাজনীতিবিদ মমতা প্রথমেই পটুয়াদের প্রতিমা নিয়ে যাতে কোন সমস্য না হয় তা নিরসনের উপায় বাতলে দেন।
এরপর কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ, কালীঘাট থানার ওসি বলাই বাগের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন।
কালীঘাট থানার ওসি, পুলিশ প্রমুখকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপির হাতে পুতুল হয়ে চেয়ার হারাতে পারেন।
সমাবেশে বৈশ্বানর চ্যাটার্জি, অর্ক নাগ-সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী, অভিষেক ব্যানার্জির অনুগামীরা ছিলেন।
অভিষেক ব্যানার্জিও ফের তাঁর বাড়িতে হামলা, অনুগামীদের মারধরের অভিযোগ তুলে বিজেপি, পুলিশকে তোপ দাগেন।
প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment