NRS HOSPITAL: এনআরএস হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Spread the love

প্রতিবেদন: এনআরএস হাসপাতালের এক তরুণ চিকিৎসকের রহস্যজনক মৃত্যু। হস্টেল থেকে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ। মৃত চিকিৎসকের নাম অভিজিৎ সরকার। তিনি এনআরএস হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। আদতে নদিয়ার মাঝেরগ্রামের বাসিন্দা অভিজিৎ থাকতেন নাগেরবাজারের কাছে এক হস্টেলে। সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় অভিজিতের একটি পোস্ট ঘিরে সন্দেহ দানা বেধেছে। সেই পোস্টে তাঁকে বাঁচানোর আবেদন জানিয়েছিলেন অভিজিৎ। নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও বলেছিলেন ওই চিকিৎসক। পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে অভিজিৎকে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঠিক কী লিখেছিলেন অভিজিৎ? মৃত্যুর ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিজিৎ। সেখানে তিনি লেখেন, দয়া করে আমাকে এই কষ্টকর পরিস্থিতি থেকে নিরাপদে বের হতে সাহায্য করুন। আমি বর্তমানে হস্টেলে থাকছি। কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সন্দেহ হচ্ছে, তাঁরা ক্ষমতার অধিকারী। আমার জরুরিভাবে সুরক্ষা, সহায়তা এবং নিরাপদে বাড়ি ফেরার একটি উপায় প্রয়োজন। তার আগে আরও একটি পোস্ট করেন তিনি। লেখেন, আমি আর পেরে উঠছি না। মৃত্যুর আগে তাঁর এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই রহস্য বেড়েছে। তাঁর পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন অভিজিৎ। অত্যন্ত মেধাবী ছাত্র গ্রামের ছেলে অভিজিতের এভাবে মৃত্যু হতে পারে তা মেনে নিতে পারছে না পরিবার। তাদের আরও অভিযোগ, হস্টেলের কেউ কেউ তাকে ভয় দেখাচ্ছিল। তাঁকে বাড়ির সঙ্গে ফোনে যোগাযোগ করতে দেওয়া হত না। অভিজিৎ হোয়াটস অ্যাপ স্টেটাসে অনেকবার তাঁর চিন্তার কথা প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের আবেদন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসুক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*