KOLKATA AIRPORT: বিমান ছাড়ার মুখে ভুয়ো হাইজ্যাক অ্যালার্ট, গ্রেফতার প্রৌঢ়

Spread the love

প্রতিবেদন: বিমান ওড়ার মুখে বিমানে মিলেছিল হাইজ্যাক অ্যালার্ট। পরে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে ও তল্লাশি চালিয়ে এক প্রৌঢ়কে চিহ্নিত করে বিমানবন্দরে কর্মরত সিআইএসএফের নিরাপত্তারক্ষীরা। পরে তাঁকে তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার হাতে। ভুয়ো হাইজ্যাক অ্যালার্ট ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রৌঢ়ের নাম পার্থ নন্দী। বয়স ৫৬ বছর। বাড়ি সোদপুরে। জেরায় তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ঘরে তাঁর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। এই অবস্থায় অফিসের কাজে তাঁকে আফ্রিকা যেতে হচ্ছিল। যা এড়ানোর অনেক চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ অফিসের চাপে যেতে বাধ্য হন। তাই অন্য কোনও ওপায় না দেখে বিমানে ওঠার আগে তিনি হাইজ্যাকের ভুয়ো গল্প ছড়িয়ে দেন। বুধবার সকালে দমদম থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার উড়ানটি ছাড়বার আগে তাঁর কেবিনে ইংরাজিতে হাইজ্যাক অ্যালার্ট লেখা একটি চিরকূট পান বিমানের পাইলট। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাটি জানান এয়ার ট্রাফিক কন্ট্রোলে। বিমানের শৌচাগারেও নাকি হাইজ্যাক অ্যালার্ট লেখা ছিল। সেটি দেখতে পান একজন কেবিন ক্রু। এরপর তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে বিমানটিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। বিমান যাত্রীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি প্রত্যেকের হাতের লেখার নমুনা নেওয়া হয়। তাতেই সন্দেহের তালিকায় আসেন অভিযুক্ত যাত্রী পার্থ নন্দী। তারপর তাঁকে জেরা করতেই তিনি গোটা ঘটনা স্বীকার করে নেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*