রোজদিন ডেস্ক :
শিশুদিবসে বাড়ির পাশে নলকূপের জলে ডুবে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো দুই শিশু ইরফান হক (৫) ও রিফাক ইসলাম (৩)। সম্পর্কে তারা তুতো ভাই। কোচবিহারের মাথাভাঙার গোপালগঞ্জ এলাকার এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
স্থানীয় সূত্রে প্রকাশ, দুই ভাই রোজই বাড়ির উঠোনে বল নিয়ে খেলা করে। এইদিন ও তেমনই খেলতে খেলতে সম্ভবত বল গড়িয়ে বাড়ির পাশের নলকূপের জলভরা গর্তে গিয়ে পড়ে। ছোট ছোট হাতে বল তুলতে গিয়ে দুজনই সেখানে পড়ে প্রাণ হারায়।
ওই সময়ে বাড়িতে কেউ না থাকায় ঘটনা সঙ্গে সঙ্গে জানা যায়নি। বাড়ি ফিরে দুই শিশুকে না দেখতে পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করেন। বহুক্ষণ পর নলকূপের গর্তে দুই শিশুর নিথর দেহ দেখে আর্তনাদ করেন তাঁরা। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নামে। কেন নলকূপের গর্তের মুখ খোলা ছিল, জল ভরা গর্ত কেন বোজানো হয়নি, এই সব প্রশ্ন এখন অধিবাসীদের মনে।
পুলিশ এই মর্মান্তিক ঘটনার তদন্ত করছে।

Be the first to comment