প্রতিবেদন: আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন থানাগুলির ভারপ্রাপ্ত আধিকারিক বা আইসিদের সততা, দক্ষতা এবং সামগ্রিক কর্মক্ষমতা নিয়ে গোপন মূল্যায়ন রিপোর্ট তলব করল নবান্ন। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে উত্তর ও দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের কাছ থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে। শনিবারের মধ্যে ওই রিপোর্ট নবান্নে জমা পরার কথা বলে প্রশাসনিক সূত্রে খবর।নবান্ন সূত্রে দাবি, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। সীমান্তের নিরাপত্তায় কোনও ধরনের দুর্বলতা বা অভ্যন্তরীণ গাফিলতি যাতে না থাকে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং উত্তরবঙ্গের ‘চিকেন নেক’ করিডরের কৌশলগত গুরুত্বের কথা মাথায় রেখেই এই মূল্যায়নের উদ্যোগ বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত নিরাপত্তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও জোরদার হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার উত্তরবঙ্গ সফরে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও রাজ্য পুলিশের শীর্ষকর্তদের সঙ্গে বৈঠক করেছেন। সেই প্রেক্ষাপটেই সীমান্তবর্তী থানাগুলির নেতৃত্বের কার্যকারিতা খতিয়ে দেখার উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনের একাংশ।
শুক্রবার রাজ্য পুলিশের ডিজি (আইন-শৃঙ্খলা) অজয় রানাডে সংশ্লিষ্ট জেলাগুলির পুলিশ সুপারদের কাছে এই গোপন রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইসিদের সততা, দায়িত্ব পালনের মান, প্রশাসনিক দক্ষতা এবং সামগ্রিক কর্মক্ষমতা সম্পর্কে বিশদ মূল্যায়ন পাঠাতে হবে। যে জেলাগুলির কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে, সেগুলি হল, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, ইসলামপুর, রায়গঞ্জ, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বসিরহাট এবং বনগাঁ।

Be the first to comment