প্রতিবেদন: আদালতের কড়া নির্দেশ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার একের পর এক আশ্বাসের পরেও বড়সড় অস্বস্তিতে পড়ল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। ২০২৫ সালের শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছিলেন ২০১৬ সালের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ১৬ জন অযোগ্য প্রার্থী। শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসায় ওই ১৬ জনের প্রার্থিপদ বাতিল করে নতুন তালিকা প্রকাশ করেছে কমিশন। কিন্তু আবেদনপত্র যাচাই ও লিখিত পরীক্ষার মতো একাধিক ধাপ পেরিয়ে কীভাবে এই চিহ্নিত অযোগ্য প্রার্থীরা ইন্টারভিউয়ের দোরগোড়ায় পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার পর নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনওভাবেই অযোগ্যরা সুযোগ না পান, সেজন্য দাগি প্রার্থীদের তালিকা আগেই প্রকাশ করা হয়েছিল। তা সত্ত্বেও কীভাবে এই ১৬ জন আবেদন করলেন, অ্যাডমিট কার্ড পেলেন এবং লিখিত পরীক্ষায় বসে ইন্টারভিউয়ের তালিকা পর্যন্ত পৌঁছে গেলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। আইনজীবীরা। কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া ১৬ জনের মধ্যে চারজন ছিলেন গ্রুপ সি-র প্রাথমিক তালিকায়। বাকি ১২ জনের নাম ছিল গ্রুপ ডি-র তালিকায়। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া প্রত্যেকের নামই রয়েছে ২০১৬ সালের এসএলএসটি-র অযোগ্য প্রার্থীদের তালিকায়। এমনকী সিবিআইয়ের তৈরি ওএমআর নম্বর সংক্রান্ত গরমিলের তালিকাতেও তাঁদের নাম মিলেছে। সেই তথ্য সামনে আসার পর সঙ্গে সঙ্গে তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল এসএসসি।

Be the first to comment