রোজদিন ডেস্ক: আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের কাজ। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি, তথ্য সংশোধন এবং ঠিকানা পরিবর্তনের আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় যাঁদের নাম ভোটার তালিকায় ছিল না বা বাদ পড়েছিল, তাঁরা নির্ধারিত নিয়মে ফর্ম-৬ জমা দিয়ে নতুন করে আবেদন করতে পারবেন। তবে যাঁদের নাম ‘অ্যাডজুডিকেশন’-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে এবং যাঁদের মামলা ইতিমধ্যেই ট্রাইবুনালে বিচারাধীন, তাঁদের ক্ষেত্রে নতুন করে আবেদন করার সুযোগ নেই। ওই সব ক্ষেত্রে ট্রাইবুনালের রায়ই চূড়ান্ত হবে। আদালতের নির্দেশ অনুযায়ী ট্রাইবুনাল থেকে নাম ফের নির্বাচন কমিশনের কাছে পাঠানো হলে তবেই তা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রায় ১৬ লক্ষ নাম ট্রাইবুনালে বিচারাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে ওই নামগুলির ভবিষ্যৎ। হাইকোর্ট ট্রাইবুনালের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নামগুলি নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না বলেই জানিয়েছে কমিশন। স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের আবহে নির্বাচন কমিশনের বক্তব্য, ট্রাইবুনালে বিচারাধীন নামগুলির বিষয়ে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ আদালতের হাতে। ফলে আপাতত ওই ১৬ লক্ষ আবেদনকারীর ভোটার তালিকায় ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

Be the first to comment