প্রতিবেদন: জলপাইগুড়ির সরকারি হাসপাতালে নার্স ও কর্মীদের গাফিলতির জেরে দুই রোগীর রক্ত অদলবদল হয়ে যায়। এর ফলে দুই রোগীর শরীরে ভুল গ্রুপের রক্ত চলে যায়। যা নিয়ে তুমুল হইচই শুরু হয়। ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। বিভাগীয় তদন্ত শুরু হয়। এরই মধ্যে এক রোগীর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে বুধবার সকালে জলপাইগুড়ির বাসিন্দা বীরেন্দ্রনাথ শর্মা (৬১) নামের রোগীর মৃত্যু হয়। ঘটনার পরই হাসপাতালের চার কর্মীকে শোকজ করা হয়েছে। দ্বিতীয় রোগীর ওপর কড়া নজর রাখা হয়েছে। জানা গিয়েছে, বলিন রায় নামে এক রোগীর শরীরে দেওয়ার কথা ছিল ‘এ’ পজিটিভ রক্ত, কিন্তু ভুলবশত তাঁকে ‘এবি’ পজিটিভ রক্ত দেওয়া হয়। অন্যদিকে, ‘এবি’ পজিটিভ রক্তের গ্রুপের বীরেন্দ্র নাথ শর্মা নামের আরেক রোগীকে দেওয়া হয় ‘এ’ পজিটিভ রক্ত। ভুল রক্ত শরীরে যাওয়ার পর দুই রোগীই অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের মধ্যে বীরেন্দ্রনাথ শর্মার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। পরিবারের দাবি, রক্ত দেওয়ার সময় প্যাকেট লক্ষ্য করে তাঁরা বিষয়টি বুঝতে পেরে বাধা দেন। কিন্তু বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

Be the first to comment