SOBHONDEB CHOTTOPADHYAY: মেয়াদ শেষ, নিয়ম ভেঙে সরকারি সুবিধা ভোগ করছেন ঋতব্রত, আখরুজ্জামানরা, নালিশ শোভনদেবের

Spread the love

প্রতিবেদন: আদালতের নির্দেশ মতো তাদের পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও নিয়ম বহির্ভূতভাবে সরকারি সুযোগ, সুবিধা ও বেতন ভোগ করছেন বিধানসভার অস্থায়ী বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও চিফ হুইপ আখরুজ্জামান। শনিবার বিকেলে তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই অভিযোগ নিয়ে হেয়ার স্ট্রিট থানায় যান। কিন্তু থানায় তাঁর অভিযোগ নেওয়া হয়নি। থানা থেকে বেরিয়ে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অস্থায়ী বিরোধী দলনেতা ও মুখ্য সচেতকের মেয়াদ গত ১৮ নভেম্বর শেষ হয়েছে। কিন্তু তারপরও তাঁরা সরকারি সুবিধা ও বেতন পাচ্ছেন। আমি মনে করি এটা অপরাধ। পুলিশ অভিযোগ নেয়নি। আমি আমার মতো করে কথা বলব। আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। এই মামলায় আদালত ১৮ অক্টোবর পর্যন্ত অন্তবর্তীকালীন নির্দেশ দিয়েছিল। দু’দিন আগেই সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতক হিসেবে ঋতব্রত ও আখরুজ্জামান যে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন, তার কোনও আইনি বৈধতা নেই। এই দাবি করে সরাসরি ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দেন কল্যাণ। তাঁর বক্তব্য, আদালতের নির্দেশে মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর থেকে ঋতব্রত এবং আখরুজ্জামানের কার্যত কোনও পদই নেই। তা সত্ত্বেও তাঁরা বেআইনি ভাবে সরকারি বেতন, গাড়ি এবং দফতর ব্যবহার করছেন, যা জনগণের অর্থের অপচয় ও দুর্নীতির শামিল। এদিকে, রাজ্যের বিরোধী দলনেতার মর্যাদা কে পাবেন, সেই নিয়ে শনিবার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণ রাও রায়দান স্থগিত রেখেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*