গুরু নানক দেবজির প্রকাশ পর্বে গুরুদুয়ারায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কমিউনিটি হল ও গঙ্গাসাগর মেলায় ক্যাম্প গড়ার বার্তা

Spread the love

সুস্মিত মজুমদার : 
গুরু নানক দেবজির প্রকাশ পর্ব এবং দেব দীপাবলির পবিত্র দিনে গুরুদুয়ারায় উপস্থিত হয়ে শিখ সমাজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিশেষ দিনে তিনি এলাকার উন্নয়ন ও সেবামূলক একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন,
তিনি জানান, এই এলাকায় একটি কমিউনিটি হল তৈরির প্রস্তাব বহুদিন আগেই এসেছিল। আগে ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার তিনি আশ্বাস দেন, আগামী দিনে সরকারি উদ্যোগেই এই কমিউনিটি হল এবং ‘গুরু নানক ভবন’ তৈরি করে দেওয়া হবে। বাংলায় যদি হজ ভবন তৈরি হতে পারে, তবে গুরু নানকজির নামে ভবন কেন তৈরি হবে না সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি কমিটিকে দ্রুত এই সংক্রান্ত প্রপোজাল তৈরি করার পরামর্শ দেন। গুরু নানকের অনুগামীরা দীর্ঘদিন ধরেই নিঃস্বার্থভাবে লঙ্গর ও মানবসেবা করে আসছেন। তাই আগামী গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ডানকুনিতে যে ক্যাম্প হবে, সেখানে আগত পুণ্যার্থীদের পাশে দাঁড়িয়ে সেবা করার জন্য তিনি শিখ সমাজের প্রতিনিধিদের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন। জাতীয় সড়কের সামনের সার্ভিস রোডটি একসময় বন্ধ হয়ে যাওয়ার নোটিশ জারি হয়েছিল। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির হস্তক্ষেপ ও সহযোগিতায় সেই রাস্তা পুনরায় খুলে দেওয়া ও রক্ষা করা সম্ভব হয়েছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতের পথ অনেক বেশি প্রশস্ত হয়েছে এবং স্থানীয়রা ৪-৫ কিলোমিটার ঘুরপথ ও দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। শুভেন্দু অধিকারী স্মৃতিচারণ করে বলেন, কোনো রাজনৈতিক দল বা পদের পরিচয়ে নয়, বরং ভালোবাসার টানেই শিখ সমাজ তাঁকে আপন করে নিয়েছেন। প্রায় ১০-১২ বছর আগে তিনি যখন রাজ্যের পরিবহণ মন্ত্রী ছিলেন, তখন গুরু গোবিন্দ সিংজির ৩৫০তম প্রকাশ পর্ব উপলক্ষে পাটনা সাহিবে যাওয়ার জন্য এখান থেকে ৫০টি বাসের ব্যবস্থা করেছিলেন সেই দিন থেকেই এই গভীর সম্পর্ক গড়ে উঠেছে। কমিউনিটি হল নির্মাণ, গঙ্গাসাগর মেলায় সেবামূলক উদ্যোগ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই তিনটি বিষয়কে সামনে রেখেই এলাকার সার্বিক উন্নয়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*