প্রতিবেদন: টালবাহানা শেষ করে অবশেষে মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার চিঠির উত্তর দিলেন তৃণমূলত্যাগী ২০ জন এনসিপিআই সাংসদ। দলত্যাগ বিরোধী আইনে কেন তাদের সাংসদপদ খারিজ করা হবে না? তাঁদের রাজনৈতিক অবস্থানই বা কী? তাঁরা এখন কোন দলে আছেন, তাদের কাছে এইরকম কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছিল স্পিকারের দফতর। অবশেষে সেই চিঠির উত্তর দিলেন তারা।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূলত্যাগ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়ের মতো ২০জন লোকসভার সাংসদ। তারা এনসিপিআইয়ের মতো একটি নামগোত্রহীন দলে যোগদান করেন। তারপরই ওই ২০ জনের সাংসদপদ খারিজের দাবিতে ১৮ জুন লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্পিকার কোনও সিদ্ধান্ত নেননি। ওই ২০ জনকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতিও দেননি। গোটা বিষয়টি তিনি ঝুলিয়ে রাখেন। এই পরিস্থিতিতে স্পিকারের বিরুদ্ধে অকারণ বিলম্বের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৫ অগাস্ট ওই ২০ জনকে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। এরপরই তড়িঘড়ি স্পিকারের তরফে লোকসভার সচিবালয় থেকে ওই সাংসদদের নোটিস ধরানো হয়। কোন যুক্তিতে তাঁরা তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন এবং কেন তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না, সেই নিয়ে সুদীপ-কাকলি-শতাব্দীদের কাছে জানতে চেয়েছিল স্পিকারের দফতর। কিন্তু নানা অজুহাতে বারবার স্পিকারের দেওয়া সময়সীমা এড়িয়ে যান সাংসদরা। শেষে ২৪ নভেম্বর তাদের চূড়ান্ত ডেডলাইন দেয় স্পিকারের দফতর। সেই ডেডলাইন মেনে এবার জবাব দিলেন এনসিপিআই সাংসদরা।

Be the first to comment