হলদিয়ায় পিউরিফায়েড টেরিপথেলিক অ্যাসিড উৎপাদনের জন্য সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে অনেক আগেই প্রস্তাব দিয়েছিলেন শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সংস্থা। মঙ্গলবার সেই প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।
এ দিন মন্ত্রিসভার অধীনে শিল্প ও পরিকাঠামো সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক হয় নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, পরিবহণ ও পরিবেশ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী প্রমুখ। সেখানেই বিশদে আলোচনার পর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
পরে নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দুবাবু বলেন, হলদিয়ায় মিতসুবিসি কারখানা আগেই অধিগ্রহণ করে নিয়েছিল চ্যাটার্জি গ্রুপ। তাঁর ওই কারখানা সম্প্রসারণ করে নতুন পিটিএ প্ল্যান্ট নির্মাণের জন্য জমি চেয়েছিল। হলদিয়া উন্নয়ন পর্ষদের ল্যান্ড ব্যাঙ্ক থেকে তাদের ৯৮.৫৭ একর জমি দেওয়া হয়েছে। অর্থ দফতরের নিয়ম মেনে বাজার মূল্যেই ওই জমি অধিগ্রহণ করেছে তারা।
শুভেন্দুবাবুর কথায়, প্রজেক্ট রিপোর্ট অনুযায়ী চ্যাটার্জি গোষ্ঠী মোট সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর ফলে হলদিয়ায় শিল্পায়নের নতুন দিগন্ত হল। রাজ্যে তৃণমূল সরকারের আমলে হলদিয়ায় ইতিমধ্যে বেশ কিছু বিনিয়োগ হয়েছে। হলদিয়া এনার্জি পাওয়ার প্ল্যান্ট, আইপিসিএল পাওয়ার প্ল্যান্ট, এপিজে গোষ্ঠীর লজিস্টিকস কেন্দ্র, এক্সাইডের নতুন প্ল্যান্ট ইত্যাদি। সেই তালিকায় এ বার বড় একটি বিনিয়োগ জুড়তে চলেছে।
প্রসঙ্গত, হলদিয়া পেট্রোকেমিকেল থেকে সরকার অনেক আগেই অংশীদারিত্ব তুলে নিয়েছে। প্রস্তাবিত পিটিএ প্ল্যান্টের ক্ষেত্রেও সরকারের কোনও অংশীদারিত্ব থাকবে না। তবে শুভেন্দুবাবু জানিয়েছেন, নতুন শিল্প স্থাপনের জন্য সরকার নিয়ম মেনে যে যে সাহায্য করার তা করবে। আশা করা হচ্ছে, এর ফলে সেখানে নতুন এক হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তা ছাড়া স্থানীয় অর্থনৈতিক ব্যবস্থায় তার ইতিবাচক প্রভাব পড়বে।

Be the first to comment