পাহাড়সহ তরাই-ডুয়ার্সের হোম স্টেগুলিকে উন্নত করতে এগিয়ে এল রাজ্য পর্যটন দপ্তর। সেই লক্ষ্যে রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছে। সরকারি সাহায্যে সংষ্কার করা হবে হোম স্টেগুলোর। পুজোর পর কাজ আরও জোরকদমে শুরু হবে।
সম্প্রতি পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আর্থিকভাবে স্বনির্ভর হতে আরও বেশি করে হোম স্টে গড়তে হবে। এতে পর্যটনেরও বিকাশ হবে। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে সামনে রেখে এবার হোম স্টেগুলিকে নয়া আঙ্গিকে গড়ে তুলতে উদ্যোগী হল রাজ্য পর্যটন দপ্তর। A, B ও C এই তিনটি ক্যাটেগরিতে হোম স্টে চিহ্নিত করে তার সংস্কার করা হবে। অর্থ বরাদ্দ করবে রাজ্য। মোট দুই দফায় এই সংস্কারমূলক কাজ চলবে পাহাড়, তরাই ও ডুয়ার্স জুড়ে। সেক্ষেত্রে ইতিমধ্যে প্রায় ৪০০ উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে।
এবিষয়ে রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “বর্তমান সময়ে হোম স্টের প্রতি ঝোঁক বাড়ছে পর্যটকদের। সেক্ষেত্রে হোম স্টেকে সামনে রেখে পর্যটনের বিকাশ করা প্রয়োজন। তার আগে হোম স্টেগুলির বিকাশ প্রয়োজন। ইতিমধ্যে অনেকেই আবেদন করেছেন। আরও প্রত্যন্ত এলাকায় হোম স্টে উপভোক্তাদের খুঁজে বের করা হবে পর্যটন দপ্তরের তরফে।” যদিও তরাই ও ডুয়ার্সে এই কাজ কররে পর্যটন দপ্তর তবে পাহাড়ে অবশ্য এই কাজ করবে বিভিন্ন জনজাতির পৃথক বোর্ডগুলি।
মন্ত্রী জানান, পাহাড়ে ১৫টি বোর্ড কাজ করবে। এছাড়া তরাই ও ডুয়ার্সে কাজ করবে পর্যটন দপ্তর। প্রয়োজনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতা নেওয়া হবে। তাঁর কথায়, এই হোম স্টেকে সামনে রেখে পর্যটন দপ্তরের তরফে কয়েকটি গ্রামকে চিহ্নিত করা হবে। সেই গ্রামগুলিকে হোম স্টের ক্ষেত্রে মডেল হিসেবে তুলে ধরা হবে।

Be the first to comment