অষ্টমীর সকালে কলেজ স্কোয়ারে আসার কথা ছিল তাঁর। প্রদেশ কংগ্রেস নেতাদের অনুরোধে রাজি হয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু পুজোতে কলকাতায় আসছেন না রাহুল।
সপ্তাহ দুয়েক আগে প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি সোমেন মিত্র, মুখপাত্র অমিতাভ চক্রবর্তী-সহ একাধিক নেতা দিল্লিতে গেছিএলন রাহুলের সঙ্গে দেখা করতে। তখনই অনুরোধ জানানো হয়েছিল, পুজোর সময় কলকাতায় আসার জন্য। ঐতিহ্যমণ্ডিত কলেজ স্কোয়্যারে উপস্থিত থাকার কথাও বলেন বাংলার কংগ্রেস নেতারা। সনিয়া-পুত্র কথাও দিয়েছিলেন তাঁদের। কিন্তু রাহুলের দফতর থেকে জানানো হয়েছে তিনি আসতে পারছেন না।
পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রচারও শুরু করে দিয়েছে বিজেপি-কংগ্রেস দুই দল। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগড়ের ভোটে মাটি কামড়ে প্রচারে নেমেছেন কংগ্রেস সভাপতি। লোকসভার আগে এই ভোট কার্যত সেমিফাইনাল। এর মধ্যে মধ্যপ্রদেশে বেশ কয়েকটি বড় সমাবেশ করেছেন তিনি।
প্রদেশ কংগ্রেসের মুখপত্র অমিতাভ চক্রবর্তী বলেন, “উনি বলেছিলেন আসবেন। কিন্তু সর্বভারতীয় সভাপতির কাছে পাঁচ রাজ্যের ভোটও গুরুত্বপূর্ণ। এ বার তিনি আসতে পারছেন না। আমরা আশা করব সামনের বার পুজোয় তিনি কলকাতায় আসবেন।”

Be the first to comment