ঝামেলার জেরেই বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

Spread the love

সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিলই। বাবার সঙ্গে এই নিয়ে প্রায় কথা কাটাকাটি হত ছেলের। এমনকি ছেলে বাবার গায়ে হাত তুলত বলেও অভিযোগ। সেই ঝামেলার জেরেই শনিবার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে।

ঘটনাটা বারাসত নবপল্লী ডিপ টিউবওয়েল এলাকার। পুলিশ জানিয়েছে বছর ষাটেকের সঞ্জীব মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার জন্য ছেলে সমীরকে গ্রেফতার করা হয়েছে। সঞ্জীববাবুর অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে বারাসত জেলা হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, সম্পত্তি লিখে দেওয়ার জন্য সঞ্জীবাবুকে নাকি বহুদিন ধরেই চাপ দিতেন সমীর। সে কথা প্রতিবেশীদের জানিয়েছিলেন প্রৌঢ়। তাঁকে মারধর করা হত বলেও অভিযোগ করেছিলেন তিনি। সমীরবাবুর বিয়ের পর তাঁদের পরিবারে অশান্তি আরও বাড়ে। ছেলে বৌয়ের সঙ্গে মা-বাবার ঝগড়া প্রায়ই প্রবল আকার নিত। এলাকার এক বাসিন্দার কথায়, তাঁদের পরিবারের অশান্তির কথা সবাই জানতেন। তবুও ছেলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি সঞ্জীববাবু।

এ দিন ফের একবার অশান্তি শুরু হয়। পুলিশ জানিয়েছে, জেরায় সমীরবাবু দাবি করেছেন তাঁর স্ত্রীয়ের নাইটি পরা নিয়ে নাকি আপত্তি করেছিলেন তাঁর বাবা। সেখান থেকেই ঝগড়ার সূত্রপাত। কাজ থেকে ফিরে অশান্তি দেখে মাথা ঠিক রাখতে পারেননি সমীর। বচসার মাঝেই ধারালো অস্ত্র তুলে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন সঞ্জীবাবুকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, সঞ্জীবাবুর অভিযোগের ভিত্তিতেই সমীরকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*