নির্বাচনী প্রচারে মোদীকে একহাত নিলেন নভজ্যোৎ সিং সিধু; পড়ুন!

Spread the love
পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের হয়ে প্রচার শুরু করার আগেই তাঁর টিপিক্যাল ওয়ান লাইনারে বলেছিলেন, “ছিপকে রহেনা গুরু, কর রাহা হুঁ শুরু!” এবং শুরুতেই যেন ব্লকবাস্টার। ফার্স্ট ডে ফার্স্ট শো সুপার হিট!
শনিবার ছত্তীসগড়ের জাঙ্গির চম্পা জেলায় জনসভা করেন প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাবে কংগ্রেস সরকারের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। তার পর ঝাঁঝালো আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বস্তুত সিধুর বক্তৃতাও তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের মতই। মঞ্চে উঠে মাইক হাতে নিয়েই বলেন, “প্রধানমন্ত্রী বুঝি আমাকে হিংসে করছেন। আমাকে পাকিস্তান নিমন্ত্রণ করেছিল (ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে)। ওনাকে করেনি। উনি তো আবার বিনা নিমন্ত্রণেই যেতে অভ্যস্ত (নওয়াজ শরিফের জন্মদিনে)। কিন্তু বলে রাখছি, যাঁরা গোধরা কাণ্ডে অভিযুক্ত, তাঁদের কাছে অন্তত আমার দেশাত্মবোধের প্রমাণ দিতে যাব না!”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন নবজ্যোৎ সিধু। ক্রিকেট জীবন থেকে ইমরানের সঙ্গে বন্ধুত্ব তাঁর। উপরি পঞ্জাবের মন্ত্রী এখন সিধু। সে কারণেই ইমরান তাঁকে নিমন্ত্রণ করেছিলেন। ওই অনুষ্ঠানে পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, সিধুকে আলিঙ্গন করাতেই এ দেশে কিছু মানুষ অসহিষ্ণু হয়ে পড়েন। তাতে গেরুয়া শিবির হাওয়াও দেয়। যদিও পরে সিধু বলেছিলেন, অতিথিদের আপ্যায়ন করছিলেন পাক সেনা প্রধান। তাঁকে জড়িয়ে ধরে বাজওয়া বলেছিলেন, তিনিও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। তা ছাড়া পাক সেনা প্রধান সিধুকে নাকি এ-ও জানান, গুরু নানকের সাড়ে পাঁচশ তম জন্মদিনে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে করতারপুরে গুরুদ্বারা দরবার সাহিব ভারতীয় দর্শনার্থীদের জন্য খুলে দেবে পাকিস্তান। কিন্তু কে কার কথা শোনে! সিধুকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তখন তুমুল সমালোচনা করেন বিজেপি নেতারাও।
অনেকের মতে, তারই মধুর বদলা নেওয়া শুরু করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। কংগ্রেস নেতারা জানাচ্ছেন, হিন্দি বলয়ের তিন রাজ্য তথা ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিধানসভার ভোটে ২০ টা জনসভা করবেন সিধু। দরকার হলে সেই সংখ্যা আরও বাড়তে পারে। সে দিক থেকে সিধুর দু’দিন প্রচার করাতেই হই হই পড়ে গিয়েছে।
এ দিন ছত্তীসগড়ে প্রচার করতে গিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নামও প্রকাশ করে দেন সিধু। এমনিতে ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা কংগ্রেসের রীতি নয়। কিন্তু শক্তি বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মহন্তকে দেখিয়ে সিধু বলেন, “ওনাকে জেতান। দেখবেন উনিই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*