ভোটের মুখে তৃণমূলে ধাক্কা, দল ছাড়লেন বিদায়ী বিধায়ক

Spread the love

রোজদিন ডেস্ক: আজ রবিবার বসিরহাট সাংগঠনিক জেলার সন্দেশখালিতে নির্বাচনী সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগেই বড় ধাক্কা খেল বসিরহাট তৃণমূল। আচমকা দল ছাড়লেন বাদুড়িয়ার বর্তমান বিধায়ক আব্দুর রহিম। তাঁকে এবার দল টিকিট দেয়নি। তিনি দল ছাড়ায় বসিরহাটে শোরগোল পড়েছে। এবার তাঁর পরিবর্তে দলের হয়ে লড়াইয়ের ময়দানে বুরহানুল মুকাদ্দিম লিটন। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য সভাপতিকেও চিঠি লিখে নিজের দলত্যাগের কথা জানিয়ে দিয়েছেন আব্দুর রহিম। সেই চিঠি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতেও। এবার গোটা বসিরহাট সাংগঠনিক জেলায় তৃণমূল তাঁদের জেতা ৭ আসনের ৬টিতেই প্রার্থী বদল করেছে। বাদ পড়েছেন বর্তমান বিধায়করা। এর আগে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন আবদুর রহিম। এবার তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন তিনি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দলকে লেখা ইস্তফাপত্রও পোস্ট করেন তিনি। দলের মধ্যে বাড়তে থাকা গোষ্ঠীদ্বন্দ্ব, যড়যন্ত্রের অভিযোগেও সরব হয়েছেন তিনি। ক্ষোভ উগরে দিয়েছেন জেলা নেতৃত্বের বিরুদ্ধে। তাঁর সাফ কথা, ২০২১ সালে কঠিন সময়ে যারা দল করেছে তাদের টিকিট দেওয়া হয়নি। উল্টে যাঁরা তখন দলের বিরোধিতা করেছে তাঁদের টিকিট দেওয়া হয়েছে। এই সব নিয়ে দলের উপরতলার বিরুদ্ধে তোপ দেগেছেন রহিম। পোস্টে অভিমান করে তিনি লেখেন, আমি সবসময় সত্য, ন্যায় এবং আদর্শের পথে চলার চেষ্টা করেছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, বর্তমান পরিস্থিতিতে সেই আদর্শ ও বাস্তবতার মধ্যে যে গভীর ফারাক তৈরি হয়েছে, তা আর উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। বারবার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেও কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় আমি মানসিকভাবে অত্যন্ত ব্যথিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*