রোজদিন ডেস্ক :
দীর্ঘদিন পর ফের বিধানসভা নির্বাচনের লড়াই-এ নেমেছেন তিনি। প্রাক্তন সাংসদ, ডাকাবুকো নেতা হিসাবে পরিচিত অধীর চৌধুরীকে আজ বহরমপুরে নির্বাচনী প্রচারে তুমুল বাধা দেওয়া হোল। অভিযোগের তির তৃণমূলের দিকে। সূত্রের খবর, আজ সকালে কংগ্রেসের বহরমপুর কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরী ১৯ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে গেলে তৃণমূল কর্মী সমর্থকরা তেড়ে আসেন। ওই ওয়ার্ডের টিএমসি পুর প্রতিনিধি ভীষ্মদেব কর্মকারের উপস্থিতিতেই রীতিমত তান্ডব চলে বলে অভিযোগ। উভয় পক্ষে বচসা, ধ্বস্তাধস্তি ও চলে।
এই ঘটনায় দৃশ্যত ক্ষুব্ধ অধীর চৌধুরী বলেন, প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীরা ধাক্কাধাক্কি করেছেন। এটাই ওদের স্বভাব। তাঁদের কর্মীদের মারধর করা হলে ছেড়ে কথা বলা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
অন্যদিকে তৃণমূল পুর প্রতিনিধি ভীষ্মদেব কর্মকার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা ও আজ নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে আগে অধীর চৌধুরীকে নিয়ে যেতে চান, এই সময়ে ধাক্কাধাক্কি হয়।
সূত্রের খবর, অধীর চৌধুরী কে দেখেই তাঁকে “গো ব্যাক ” ধ্বনি দেন তৃণমূল কর্মী, সমর্থকরা। উভয় পক্ষে তীব্র বচসা, হাতাহাতির উপক্রম হয়।
অধীর চৌধুরী আরও বলেন, ওরা যদি এমন করে তবে রক্তারক্তি হলে হবে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। তৃণমূলকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, পায়ের তলার মাটি সরে গেছে বুঝতে পেরে ওরা এই ভাবে প্রচারে বাধা দিচ্ছে।
পরিস্থিতি এখন ও থমথমে বলে জানা যায়।

Be the first to comment