শুভেন্দুর মনোনয়নে অশান্তি, চার পুলিশ আধিকারিক সাসপেন্ড

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র পেশ নিয়ে উত্তপ্ত হয়েছিল ভবানীপুর। হাজরা থেকে আলিপুর সার্ভে ভবন অবধি তাঁদের যাত্রাপথে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। যা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ এই ঘটনায় এক ডিসি-সহ চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। যে আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন, ডিসি (২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চন্ডীচরণ ব্যানার্জি ও সার্জেন্ট সৌরভ চ্যাটার্জি।
কমিশনের কড়া নির্দেশ, এই চার আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তও করতে হবে। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে তা জানানো হয়। স্বরাষ্ট্র সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক ও কলকাতা পুলিশ কমিশনারকে এর অনুলিপি দেওয়া হয়েছে।

সাসপেন্ড হওয়া চার আধিকারিকের জায়গায় অন্যদের দায়িত্ব দিতে বলেছে নির্বাচন কমিশন। এই ধরনের ঘটনা কমিশন যে বরদাস্ত করে না, এর মাধ্যমে সেই বার্তা দেওয়া হোল বলে অভিজ্ঞ মহল মনে করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র রোড শো করে শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আগেই পুলিশের অনুমতি নেওয়া ছিল। দক্ষিণ কলকাতার অন্য বিজেপি প্রার্থীরা সঙ্গে থাকলেও মূলত শুভেন্দু অধিকারীর জন্যই সেখানে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। চৈত্রের রোদ্দুরের সঙ্গে পাল্লা দিয়ে সেদিন ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। অমিত শাহকে নিয়ে এই বর্ণময় শোভাযাত্রা বিরুদ্ধে সব রকমভাবে বাধা তুমুল বাধা সৃষ্টি করেন তৃণমূল কর্মী সমর্থকরা। কালো পতাকা প্রদর্শন, মুহুর্মুহু বিজেপি বিরোধী ধ্বনি, এমনকি উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হওয়ার অভিযোগও ওঠে।
এই নিয়ে কালীঘাট ও আলিপুর থানায় তিনটি পৃথক অভিযোগও দায়ের হয়। গতকালই দুই ডিসি-কে শো কজ করেছিল লালবাজার।
আজ এক ডিসি-সহ চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*