রোজদিন ডেস্ক :
দীর্ঘ দেড় দশক পর রাজ্য সরকারি বিজ্ঞাপন পেল সিপিএমের দৈনিক মুখপত্র গণশক্তি। ২০১১ য় রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র নেতৃত্বাধীন পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার সঙ্গেই বন্ধ হয়েছিল রাজ্য সরকারের বিজ্ঞাপন। একই ভাবে সিপিআই এর মুখপত্র কালান্তর-এও বন্ধ হয়েছিল তা৷
রাজ্য সরকারি বিজ্ঞাপন বন্ধ হওয়ার প্রতিবাদে আদালতের ও দ্বারস্থ হয়েছিল সিপিএম।
আদালতের পর্যবেক্ষণ ছিল, যদি সংবাদপত্রের নিয়ম মেনে কাজ হয়, তা রাজনৈতিক দলের মুখপত্রও হয়, তাকে সরকারের সংবাদপত্র হিসাবেই দেখা উচিত। সব সংবাদপত্রের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গি থাকা উচিত বলে মত দিয়েছিল আদালত।
২০১৪ সালের মামলার পর আদালতের এই পর্যবেক্ষণের পর ও টিএমসি সরকারের সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গির কোন পরিবর্তন হয়নি। মেলেনি ছিটেফোঁটাও সরকারি বিজ্ঞাপন।
দীর্ঘ পনের বছর পর আজ পাতা জোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন পেয়েছে সিপিএমের দৈনিক মুখপত্র। সেখানে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি র সঙ্গে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও।
রাজ্যের সব দৈনিকেই এই বিজ্ঞাপন দিয়েছে নতুন রাজ্য সরকার।
এতে খুশি সিপিএম-ও। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সাবধানী বক্তব্য, এটিই স্বাভাবিক। প্রাক্তন সরকারের স্বৈরাচারী মনোভাবের সমালোচনা করেন তিনি। এরপর কি হয় দেখা যাক বলে মন্তব্য করেন।
এর আগেও একাধিকবার কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহ কিছু বিজ্ঞাপন পেয়েছে সিপিএমের দৈনিক মুখপত্র। যা নিয়ে কটাক্ষ, টিপ্পনী কেটেছেন টিএমসি-র অনেকে। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আর্থিক সমস্যায় ভুগছে সিপিএমের দৈনিক, দল, সংগঠনও।
আপাতত সরকারি বিজ্ঞাপন পেলে সমস্যা কিছু মিটতে পারে বলে মনে করছেন দলের অনেকে।

Be the first to comment