ফের রাজ্য পুলিশে রদবদল, এবার বদলি হলেন ৫৭ জন অফিসার

Spread the love

রোজদিন ডেস্ক : বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের বড়সড় রদবদল হল রাজ্য পুলিশে। পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেল প্রশাসন। এদিন মোট ৫৭ জন পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে। তালিকায় রয়েছে বারাকপুর, বিধাননগর, আসানসোল-দুর্গাপুর, চন্দননগর, হাওড়া-সহ একাধিক পুলিশ কমিশনারেট এবং সুন্দরবন, মুর্শিদাবাদ, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ বিভিন্ন জেলার পদে রদবদল। স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতেও স্পষ্ট করে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নতুনদের হাতে। বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তনয় চট্টোপাধ্যায়কে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুরে এসডিপিও পদে পাঠানো হয়েছে। হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাসকে বদলি করে সুন্দরবনের মন্দিরবাজারে পাঠানো হয়েছে। বিধাননগর কমিশনারেটে এসিপি পদে থাকা দীপ কুমার দাসকে বনগাঁ পুলিশ জেলার এসডিপিও করা হয়েছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিক ইপ্সিতা দত্তকে বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কমিশনারেটে, যেখানে তাঁকে এসিপি-র দায়িত্ব দেওয়া হবে। বারাকপুর কমিশনারেটের পার্থ মণ্ডলকে হাওড়ার এসিপি হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্যের একাধিক পুলিশ জেলায় একইসঙ্গে এত বড়সড় রদবদল অতীতে কখনও হয়নি। বিভিন্ন দফতরে কর্ম তৎপরতা বাড়ানো এবং জেলা ও কমিশনারেট স্তরে দায়িত্ব পুনর্বিন্যাস করতেই এই সিদ্ধান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*