রোজদিন ডেস্ক, কলকাতা:– মুম্বইয়ে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সংস্কার কাজ কয়েক মাস ধরেই চলছে। নিজেরা অন্যত্র উঠে গিয়ে বাংলো রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন বলিউডের কিং খান। কিন্তু মেরামতির কাজ করতে গিয়েই নাকি শাহরুখ উপকূলীয় অঞ্চলে সংস্কারের নিয়ম লঙ্ঘন করে ফেলেছেন। তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ জমা পড়েছে বন দফতর এবং পুরসভার কাছে।
শুক্রবার ব্যান্ডস্ট্যান্ড এলাকার দুই বিভাগের কর্মীরা যৌথ ভাবে মন্নত পরিদর্শনে যান। এ প্রসঙ্গে বনবিভাগের এক উচ্চপদস্থ কর্তা পরে সংবাদমাধ্যমকে জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই দুই বিভাগ এক যোগে শাহরুখের বাংলোয় হানা দিয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শীঘ্রই প্রতিবেদন তৈরি করে জমা দেবেন তাঁরা। যদিও শাহরুখের আপ্ত সহায়ক বিষয়টিকে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কোনও বেআইনি সংস্কার হচ্ছে না। নির্দেশিকা মেনেই যাবতীয় কাজ হচ্ছে।
পুরসভার পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কথা বলেছেন পরিদর্শনে উপস্থিত উচ্চপদস্থ আধিকারির। তাঁর দাবি, বন দফতরের অনুরোধ পেয়েই তাঁরা যৌথ পরিদর্শনে এসেছেন। এ ছাড়া, তাঁদের এই বিষয়ে আলাদা কোনও ভূমিকা নেই।

Be the first to comment