রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আজ ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহকে প্রণাম করেন তিনি। দৃশ্যত খুশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর আশীর্বাদ পুষ্ট হয়ে এবার নির্বাচনী রণাঙ্গনে আরও আত্মবিশ্বাসী তিনি, এমনটাই মনে করেন অভিজ্ঞ মহল।

আজ রীতিমত রোড শো করে দুদিকে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যকে নিয়ে বর্ণময় শোভাযাত্রা করে আলিপুরে সার্ভে ভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। নজিরবিহীন এই মনোনয়নপত্র পেশ নিয়ে সকাল থেকে ধুন্ধুমার বাধে সংশ্লিষ্ট এলাকায়। একদিকে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যদের নিয়ে অমিত শাহর শোভাযাত্রা, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকদের তুমুল বিক্ষোভ, কালো পতাকা প্রদর্শন, উভয় পক্ষের পারস্পরিক চোর চোর ধ্বনি ইত্যাদি নিয়ে সরগরম ছিল গোটা অঞ্চল।

বিজেপির দাবি, শুধু বিক্ষোভই না,তৃণমূল হামলা চালিয়েছে তাঁদের ওপর। এতে এক বিজেপি কর্মী চোখে আঘাত পান বলে অভিযোগ।
শুভেন্দু অধিকারী সহ বিজেপিকে জয়ী করতে তাঁরা এবার সর্বশক্তি নিয়োগ করবেন, এর ইঙ্গিত মেলে অমিত শাহের কথায়।

মনোনয়নপত্র পেশের আগে হাজরা মোড়ের জনসভায় অমিত শাহ জানিয়ে দেন, ভোটের আগে পনের দিন তিনি এই রাজ্যে থাকবেন। আজ বিজেপি প্রার্থীরা, বিশেষত শুভেন্দু অধিকারীর জন্যই যে তিনি এসেছেন তাও বলেন। তিনিই নন্দীগ্রাম ছাড়া মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হতে ওঁকে উৎসাহিত করেছেন। এর আগে ও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারানোর রেকর্ডও শুভেন্দু অধিকারীর আছে। এবার তিনি চান, মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে তাঁকে হারানো হোক। জোর দিয়ে তিনি বলেন, রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও মুখ্যমন্ত্রী হারবেন।
শুভেন্দু অধিকারীদের মনোনয়নপত্র পেশ হয়ে যাওয়ার পর আর এক ভোটমুখি রাজ্য অসমে চলে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

Be the first to comment