রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যু, পুলিশে অভিযোগ দায়ের

Spread the love

রোজদিন ডেস্ক : গত শনিবারও তিনি ছিলেন। রবিবার সন্ধ্যায় তালসারির আপাত শান্ত সমুদ্র কেড়ে নিয়েছে প্রতিভাবান অভিনেতা, লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জিকে। শুট্যিং করতে গিয়ে ইউনিটের একরাশ মানুষের চোখের সামনে কি করে তাঁর মৃত্যু হোল,তা নিয়ে বহু প্রশ্নের উত্তর এখনও মেলেনি। বামমনস্ক, প্রগতিশীল এই তরুণ অভিনেতার মৃত্যুর কারণ এখনও অজানা রহস্যে মোড়া। আজ স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে আর্টিস্ট ফোরামের প্রতিনিধিরা এই সব প্রশ্নের উত্তর জানতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগপত্র জমা দেন। প্রসেনজিৎ চ্যাটার্জি, শান্তিলাল মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী-সহ বহু বিশিষ্ট অভিনেতারা সেখানে ছিলেন। পরে শান্তিলাল মুখার্জি জানান, রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা থানায় এফআইআর করলেন।

আজ বিকেলে তাঁর অকালমৃত্যুর প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে টলিপাড়ায় এক বিশাল মিছিল বেরোয়। ফেডারেশন নেতা স্বরূপ বিশ্বাস সহ দলমত নির্বিশেষে অভিনেতা, কলা কুশলিরা সেখানে অংশ নেন।
বিশিষ্ট অভিনেতা ঋদ্ধি সেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে সমাজ মাধ্যমে লেখেন, যাঁরা এই মিছিলে হাঁটবেন তাঁদের বেশির ভাগই তাঁদের পছন্দের মানুষটির এমন অকালে চলে যাওয়া মেনে নিতে না পেরে, তাঁর নামে করা মিথ্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে। কিন্তু রাজনৈতিক সুবিধা চাওয়া ও পাওয়া বেশ কিছু মানুষও এই মিছিলে থাকবেন। এখানে স্বার্থপর, রাজনৈতিক উদ্দেশ্যের প্রবেশ নিষেধ করাও একটা প্রতিবাদ, “রাহুলদা চিরকাল সুবিধাবাদী রাজনীতিকে প্রশ্রয় দেয়নি, আপনারাও দেবেন না, সেটাই হবে রাহুলদাকে প্রকৃত সম্মান জানানো। ”
উল্লেখ্য, বরাবর মাথা উঁচু করে চলা প্রয়াত এই তরুণ অভিনেতার প্রয়াণে সরকারি ভাবে তাঁর শেষকৃত্যে গান স্যালুট দেওয়ার প্রস্তাবকে সবিনয়ে ফিরিয়ে দেন তাঁর পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*