রোজদিন ডেস্ক :
মেসি কান্ডে তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবার গ্রেফতার হওয়ার আশঙ্কায় আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ বারাসত আদালতে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেছেন তিনি।
তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণা সহ পাঁচটি ধারায় মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির আসার দিন তাঁকে দেখতে না পেয়ে দর্শক রা তুলকালাম বাধান। মেসি মাঠে গেলেও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, তাঁর সঙ্গী সাথীরা এমন ভাবে তাঁকে ঘিরে রাখেন, সাধারণ দর্শক, যাঁরা অনেক টাকা দিয়ে, কষ্ট করে মেসিকে দেখতে আসেন, তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে মেসি আগেই মাঠ থেকে চলে গেলে প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে দর্শকদের ক্ষোভ আছড়ে পড়ে।
পুলিশ মেসিকে আনার মূল কারিগর শতদ্রু দত্ত-কে গ্রেফতার করে। ৩৮ দিন পর জামিন পেয়ে তিনি এই পুরো অব্যবস্থার জন্য অরূপ বিশ্বাসকে দায়ী করেন।
রাজ্যে পালাবদল হতেই মেসি কান্ড অন্য দিকে বাঁক নিয়েছে। বিধাননগর পুলিশ প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এই প্রেক্ষিতে আজ আইনজীবীর মাধ্যমে তিনি আগাম জামিনের আবেদন করেন।

Be the first to comment