রোজদিন ডেস্ক : শহরে ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগলো মধ্য কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবপত্রের দোকানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। সর্বশেষ খবর ঘটনাস্থলে রয়েছে দমকলের ১১টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে।
বুধবার সকাল ১১টা নাগাদ ওই আগুন দেখতে পান দোকানের কর্মীরা। তাঁরা দোকান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। দোকানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরাই। কিন্তু আগুন দ্রুত ছড়াতে থাকে। আতঙ্ক ছড়ায় এলাকায়। দোকানের পাশেই রয়েছে একটি আবাসন। সেখানকার বাসিন্দাদের দাবি, আগুন তাঁদের বহুতলেও ছড়িয়েছে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুনের উৎসস্থলে পৌঁছোতে পেরেছেন দমকলকর্মীরা। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। রাস্তায় যান চলাচলও আপাতত বন্ধ। ফলে তৈরি হয়েছে যানজট। ঠিক কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দোকানগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে দোকানগুলিতে কাঠ, প্লাস্টিক, রাসায়নিক-সহ বহু দাহ্য পদার্থ ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়েছে বলেই মনে করছে দমকল।

Be the first to comment