রোজদিন ডেস্ক : সামনেই বড়দিন। প্রতি বছরের মতো এবারও বড়দিন উপলক্ষে আঁটোসাঁট করা হচ্ছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার নিরাপত্তা। নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে লালবাজার। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক কলকাতা পুলিশ। শহর জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ২ হাজার পুলিশকর্মী। শুধুমাত্র পার্ক স্ট্রিটেই ৮ থেকে ১০ জন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার থাকবেন নিরাপত্তার দায়িত্বে। থাকবেন প্রায় ২০-২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এছাড়াও থাকবেন ২৭ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ এবং ২৫০ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ। নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন, বড়দিন এবং বর্ষবরণের জন্য পার্ক স্ট্রিট-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। শহরের সংবেদনশীল এলাকাগুলিতে দিনের পাশাপাশি রাতেও নজরদারি জোরদার করা হয়েছে। বর্ষবরণের সময়ে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলবে। তাই এই ব্যবস্থা। লালবাজারের খবর, সমস্ত ইউনিটকেও সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী কয়েকদিন শহর জুড়ে বসছে মোট ১৫টি ওয়াচ টাওয়ার। তার মধ্যে পার্ক স্ট্রিটে থাকবে ৫টি। নজরদারি চালাবে কুইক রেসপন্স টিম। থাকবে প্রায় ৪০টি পুলিশ সহায়তা কেন্দ্র। এ ছাড়াও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, মহিলাদের নিরাপত্তায় উইনার্স টিমও থাকছে। প্রায় ৫০টি সিসি ক্যামেরায় মোড়া থাকবে পার্ক স্ট্রিট এলাকা। থাকবে ড্রোনের নজরদারি। সবমিলিয়ে বড়দিন ও নতুন বছর সেলিব্রেশন নিরাপদ ও নির্বিঘ্ন করতে সচেষ্ট প্রশাসন।

Be the first to comment