রোজদিন ডেস্ক : রাজ্যের শাসকদলপন্থী বিএলও-দের সিইও অফিস অভিযান ঘিরে আজ তুলকালাম বাধে। বিক্ষুব্ধ বিএলও-রা সিইও দফতরে জোর করে প্রবেশ করতে গেলে কর্তব্যরত পুলিশ তাঁদের বাধা দেয়। উভয় পক্ষে বচসা, ধ্বস্তাধস্তি বাধে। উত্তেজিত বিএলও-রা কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুহুর্মুহ ধ্বনি দেন। সিইও অফিসের সামনের ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দিলে অনেকে ব্যারিকেডের ওপর উঠে পড়েন। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা৷
বিএলও-দের অভিযোগ, প্রতিদিন তাঁদের অ্যাপে নতুন নতুন নির্দেশ যুক্ত হচ্ছে। এর ফলে তাঁদের ওপর প্রচণ্ড কাজের চাপ পড়ছে। এর প্রতিবাদে তাঁরা আজ ও আগামীকাল সিইও অফিস অভিযানের ডাক দেন। এর আগে তাঁরা সিইও মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছেন বলে দাবি করেন। প্রতিদিন বাড়তি কাজের ভার চাপিয়ে দেওয়ার প্রতিবাদে তাঁরা এসআইআরের কাজ বয়কট করছেন বলে জানান।
গত এক দেড় মাস ধরে এসআইআরের কাজে তাঁদের প্রচন্ড চাপ, পরিশ্রম হচ্ছে। মহিলাদের সংসার ইত্যাদি সামলে এই সব কাজ করতে হচ্ছে। বিএলও অ্যাপও ভুলে ভরা বলে তাঁদের অভিযোগ। এই কাজ নিয়ে তাঁদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন।
আজ পুলিশের বিরুদ্ধেও তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। দু-পক্ষের ধ্বস্তাধস্তি, বচসায় এক পুলিশ আধিকারিক আহত হন। মহিলা পুলিশ ছাড়া বিক্ষোভকারী মহিলাদের হেনস্থার অভিযোগ করেন। পুলিশ ছয় জন বিক্ষোভকারীকে আটক করেছে।
ক্ষুব্ধ বিএলও-রা সিইও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করছেন।

Be the first to comment