ছোটোদের দাবার বিশ্বমঞ্চে বাংলার জয়জয়কার! সোনা-রুপো সর্বার্থ ও ঐশিকের, শুভেচ্ছা মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশ্বমঞ্চে বিরাট সাফল্য বাংলার দুই খুদে দাবাড়ুর। ফিডে অনূর্ধ্ব-১০ বিশ্বকাপ ক্যাডেটে সোনা জেতে বাংলার সর্বার্থ মণি। একই সঙ্গে রুপো পায় বাংলারই ঐশিক মণ্ডল। দুজনের সাফল্যে এক্স হ্যান্ডলে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বিভাগে ব্রোঞ্জও এসেছে ভারতের ঝুলিতে, জিতেছে কপিল আরিত।
জর্জিয়ার বাতুমি শহরে ৯ দিন ধরে বসেছিল ফিডে আয়োজিত বয়সভিত্তিক বিশ্বকাপ। অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১২-র ছেলে ও মেয়েদের বিভাগে খুদে দাবাড়ুরা শেষদিনে পোডিয়াম উজ্জ্বল করেছে। সেখানে ভারতের ঝুলিতে মোট সাতটি পদক। তিনটি সোনা ছাড়াও জিতেছে দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ। অনূর্ধ্ব-১০ বিভাগে ক্লাসিকাল গেমের স্টেজ ২-এ সর্বার্থ দু’বার ঐশিকের সঙ্গে ড্র করে। পরের দুটো র‍্যাপিড গেম জিতে সোনা জেতে সে। রুপো পায় ঐশিক। কাজাকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ব্রোঞ্জ পায় কপিল আরিত।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, জর্জিয়ার বাতুমি শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন সর্বার্থ মণি। ঠিক তাঁর পরেই রুপো নিয়ে ফিরছেন আরেক বাঙালি দাবারত্ন, ঐশিক মণ্ডল। দুই প্রতিযোগীর এই জয় শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, বাংলা তথা ভারতের ক্রীড়াক্ষেত্রের জন্য এক বড় প্রাপ্তি।
ছোট্ট দুই দাবাড়ুর এই নজিরবিহীন পারফরম্যান্স ইতিমধ্যেই গোটা দেশের প্রশংসা কুড়িয়েছে। তাঁদের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য উদ্দীপনার বাতাবরণ তৈরি করছে বলেও উল্লেখ করেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, বিশ্বের সেরা দাবাড়ুদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে প্রমাণ করে দিল বাংলার ছেলেরাও পিছিয়ে নেই।
শেষে এই দুই প্রতিভাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ওদের জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং আগামীর পথচলায় অনেক অনেক শুভেচ্ছা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*