বিহার এখন দেশের ‘ক্রাইম ক্যাপিটাল’! ব্যবসায়ী খুনে বিজেপি-নীতীশকে আক্রমণ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গোপাল খেমকা খুনে উত্তাল বিহার। পাটনায় নিজের বাড়ির সামনেই ব্যবসায়ীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এর পর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়েছে বিহারের NDA সরকার।

রবিবার এই নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘বিহারকে ওরা অপরাধের রাজধানী বানিয়ে ছেড়েছে।’ এদিন এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী লেখেন, ‘ব্যবসায়ী গোপাল খেমকা হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে দিল, বিজেপি এবং নীতীশ কুমার একজোট হয়ে বিহারকে দেশের ক্রাইম ক্যাপিটাল বানিয়ে ফেলেছে। লুটপাট, গোলাগুলি আর খুনের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছে বিহার। অপরাধ এখানে যেন স্বাভাবিক। সরকার সম্পূর্ণ ব্যর্থ।’

তিনি আরোও লিখেছেন, ‘এই অবিচার আর বরদাস্ত করা যাবে না। যে সরকার আমাদের সন্তানদের রক্ষা করতে পারে না,তারা আপনার ভবিষ্যতের দায় কী করে নেবে? এটাই নতুন বিহার তৈরির সময়। যেখানে শুধু উন্নয়ন থাকবে, ভয় নয়।’

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ গাড়ি থেকে নেমে নিজের অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিলেন গোপাল খেমকা। সেই সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*