ভবানীপুরে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল বিজেপি দুই শিবির

Spread the love

রোজদিন ডেস্ক : শুভ মঙ্গলবারে কালীঘাটে নিজের বাড়ি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্য এর আগে থেকেই ঠিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়বেন। সেইভাবে প্রস্তুতিও তুঙ্গে। তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার আগের দিন অর্থাৎ সোমবার যখন তৃণমূল নেত্রী এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল মিটিং করছেন সেই সময় বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে। সেখানে দেখা যায় দুটি কেন্দ্রে নন্দীগ্রাম ও ভবানীপুরে প্রার্থী শুভেন্দু অধিকারী। অর্থাৎ ২০২১-এর মত মমতার শুভেন্দু দ্বৈরথ চালু থাকলো। এই ডুয়েলে কে জয়ী হবেন তা ৪ঠা মে জানা যাবে। তবে শুভেন্দু অধিকারী প্রচার শুরু করে দিয়েছেন ভবানীপুরে। অন্যদিকে কার্যত ভবানীপুরেরই মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার জন্য তৃণমূল কংগ্রেসেও স্ট্র্যাটেজি তৈরি করছে নিখুঁতভাবে। মমতা – শুভেন্দু দুজনের কাছেই এটা যেন প্রেস্টিজ ফাইট।

আজ বৃহস্পতিবার ১৯ শে মার্চ ভবানীপুরে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অফিসে রোড ম্যাপ তৈরি করতে তৃণমূল কংগ্রেসের বৈঠক বসে। সুব্রত বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার, কার্তিক ব্যানার্জি , কাজরী ব্যানার্জি, সন্দীপ বক্সী প্রমুখ তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। ছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাউন্সিলরাও। রুদ্ধদ্বার বৈঠকে কি স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে তা খোলসা করে না বললেও একটি স্লোগান এই কেন্দ্রের জন্য ঠিক করা হয়েছে।

এই স্লোগানটিকে জনপ্রিয় করে তোলা হবে তা হলো ‘উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে’। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে প্রচার চালাবেন। তাই ভবানীপুর কেন্দ্রে কাউন্সিলর অথবা অন্যান্য নেতা কর্মীরা, বারে বারে মানুষের দরজায় যাবেন, উন্নয়নের কর্মসূচি তুলে ধরবেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*