রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকেই চলতি নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে প্রচারের রোডম্যাপ চূড়ান্ত হয়ে গেল। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার, কার্তিক বন্দ্যোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়, সন্দীপ বক্সি-সহ দলের একাধিক কাউন্সিলররা। ঘণ্টাখানেকের এই বৈঠক নিয়ে কেউই অবশ্য বিস্তারিত ভাবে কিছু বলেননি।
জানা গিয়েছে, এই বৈঠকে ভবানীপুরের জন্য তৈরি হয়েছে নয়া স্লোগান। ‘উন্নয়ন ঘরে ঘরে / ঘরের মেয়ে ভবানীপুরে’। এই শ্লোগান নিয়েই আগামী কয়েকদিন প্রচার চালাবেন কর্মীরা। রণকৌশল, প্রচারসূচি, মিছিল, সাংগঠনিক সমন্বয়, সব খতিয়ে দেখে এই বৈঠকেই সব চূড়ান্ত করা হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে আগামীকাল শুক্রবার থেকে এই কেন্দ্রের অন্তর্গত কাউন্সিলররা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ডোর টু ডোর প্রচারে বেরোবেন। সঙ্গে হাতে থাকবে ভোটার তালিকা। এ ছাড়াও আরও একবার প্রয়োজনে দুবার ভোটার তালিকা স্ক্রুটিনি করবেন নেতা-কর্মীরা। এখনও যাদের নাম বিবেচনাধীন রয়েছে তাদের পাশেও থাকতে কর্মীদের একাধিক নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। নেত্রী কবে তাঁর কেন্দ্রে প্রচার বা জনসভা করবেন তা তিনি নিজেই জানিয়ে দেবেন। তবে তার আগে পুরো ভবানীপুর কেন্দ্র চষে ফেলবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বিরোধীদের।

Be the first to comment