রোজদিন ডেস্ক : বীরভূমের মুকুটে নতুন পালক। ‘জিআই’ তকমা পেল শান্তিনিকেতনের পৃথিবী খ্যাত বাটিক শিল্প এবং বাউল সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ একতারা। ফলে জেলার লোকশিল্প ও ঐতিহ্যের ধারা এবার দেশের সীমা পেরিয়ে হয়ে উঠল আন্তর্জাতিক। একই সঙ্গে জেলার নিজস্ব ঐতিহ্যবাহী পণ্যের তালিকা আরও সমৃদ্ধ হল। শান্তিনিকেতনের বাটিক শিল্পের রয়েছে দীর্ঘ ও গৌরবময় অতীত। মোম আর রঙের নিখুঁত মিশেলে কাপড়ে ফুটিয়ে তোলা নকশা শুধু দেশে নয় বিদেশেও সমানভাবে থেকেই সমাদৃত। এই শিল্পকে ভৌগোলিক স্বীকৃতি দিয়ে ভারত সরকারের পক্ষে জানানো হয়েছে, এই শিল্প আমাদের ঐতিহ্য ও হাতের কাজের এক অনন্য নিদর্শন। একই সঙ্গে শান্তিনিকেতনের বাউল গানের ‘প্রাণ’ এক তারের বিস্ময় একতারা। মাটির গন্ধ মাখা এই একতারাকেও ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই স্বীকৃতি স্থানীয় বাউলশিল্পী এবং একতারা তৈরির কারিগরদের আন্তর্জাতিক দুনিয়ায় নতুন পরিচয় দেবে। প্রসঙ্গত, এর আগে বীরভূমের আরও পাঁচটি ঐতিহ্যবাহী পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। এগুলি হল শান্তিনিকেতনী চামড়ার সামগ্রী, কোরিয়াল ও গরদের শাড়ি, নকশিকাঁথা এবং সুগন্ধি গোবিন্দভোগ চাল। সব মিলিয়ে বীরভূমের ভাঁড়ারে এখন সাডটি আন্তর্জাতিক জিআই ট্যাগ। সদ্য জোড়া স্বীকৃতির খবরে খুশির হাওয়া জেলায়। স্থানীয় হস্তশিল্পী ও সংস্কৃতি জগতের মতে, এবার এই জেলার বাটিক ও একতারা আরও মর্যাদা পাবে, বাড়বে চাহিদা এবং কর্মসংস্থান।

Be the first to comment