রোজদিন ডেস্ক, কলকাতা :- বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার গোঘাটে। মৃতের নাম সেখ বাকিবুল্লা। তিনি সংখ্যালঘু মোর্চার সভাপতি ছিলেন, বয়স ৩৫। শনিবার সান বাঁধি এলাকায় নিজের বাড়ি থেকেই দু’হাত বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে পরিকল্পিত খুন বলে দাবি করেছে বিজেপি। তবে পুলিশের দাবি, আত্মহত্যার ঘটনা।
মৃতদেহ উদ্ধার হতেই হইচই পড়ে যায়। স্থানীয়রাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে হাজির হন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। পৌঁছে যান বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত বেরা-সহ একাধিক নেতা ও কর্মীও। তাঁদের অভিযোগ, এটা পরিকল্পিত খুন।
পরিবার সূত্রের খবর, কাজের জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল বাকিবুল্লার। তার আগেই এদিন ভোরবেলা নিজের বাড়ির একতলার বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হলো। স্থানীয়রাই প্রথমে দেহ দেখতে পান। মৃতের দুই হাতই বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, ‘এটা পরিষ্কার খুন। পরিকল্পিত ভাবে আমাদের কর্মীকে খুন করা হয়েছে।’ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠয়েছে পুলিশ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশাণু রায় বলেন, ‘প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মৃতের মোবাইলে একটা সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।’

Be the first to comment