রোজদিন ডেস্ক : ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এসআইআরের শুনানি। দিনক্ষণ জানিয়ে দিয়েছে কমিশন। কিন্তু শুনানি শুরুর আগেই বিপত্তি। নিখোঁজ খোদ বিএলও। গত দু’দিন ধরে মিলছে না খোঁজ। বাড়িতে পড়ে রয়েছে বিএলও-র পরিচয়পত্র, এসআইআর সংক্রান্ত কাগজপত্রও। বিএলও নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বিএলও-র খোঁজে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতাও। শুনানিতে বিএলও হিসেবে অমিত কুমার মণ্ডলের উপস্থিতি বাধ্যতামূলক। ফলে চূড়ান্ত বিড়ম্বনায় পড়েছে প্রশাসন।পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নং ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের বিকিহাট এলাকার বাসিন্দা অমিত কুমার মণ্ডল। পেশায় শিক্ষক। কেতুগ্রামের উদ্ধারনপুর প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। কাটোয়া বিধানসভার ২৩ নং বুথের বিএলও-র দায়িত্বে রয়েছেন তিনি। অমিত মণ্ডলের বুথে ৬৪১ জন ভোটার রয়েছেন। শুনানির জন্য ৩৩ জন ভোটারকে নোটিস দিয়েছেন তিনি। দু’দিন পর থেকেই শুনানি শুরু হবে। কিন্তু তার আগে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় সব কিছুই অথৈ জলে। জানা গিয়েছে মঙ্গলবার বেলার দিকে বেরিয়ে আর ফেরেননি তিনি। ওই দিন রাতে কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। তিন দিন হতে চলল, এখনও কোনও খোঁজ নেই। কীভাবে তিনি নিখোঁজ হলেন, তা নিয়ে বাড়ছে রহস্য। নিখোঁজ হওয়া নিয়ে পরিবারও ধোঁয়াশায়। তবে পরিবারের দাবি, বিএলওর দায়িত্ব পাওয়ার পর থেকে একটু চাপে ছিলেন তিনি।

Be the first to comment