রোজদিন ডেস্ক : ব্রিটেন কি এবার মুসলিম মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে? এই নিয়ে গুঞ্জন এখন তুঙ্গে। আমেরিকায় পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ করা নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার এখন তুমুল সমালোচনার মুখে পড়েছেন। কুখ্যাত যৌন অপরাধী এপস্টাইনের ঘনিষ্ঠ ম্যান্ডেলসনকে আমেরিকায় রাষ্ট্রদূত নিয়োগ ও চাপে পড়ে তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে স্টারমারকেও সরে যেতে চাপ আসছে। এই প্রেক্ষিতে ওই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে উঠে আসছে শাবানা মাহমুদের নাম। নামী ব্যারিস্টার দেশের স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা শাবানা মাহমুদ যদি প্রধানমন্ত্রী হন, তা ইতিহাস সৃষ্টি করবে। পাকিস্তানি বংশোদ্ভূত, প্রথম মহিলা এবং মুসলিম প্রধানমন্ত্রী হিসাবে তা হবে ঐতিহাসিক। যদিও নিজের পদ রক্ষা করতে স্টারমার আপ্রাণ চেষ্টা করছেন বলে সূত্রের খবর। লেবার পার্টির অন্যতম উজ্জ্বল মুখ শাবানা মাহমুদের নাম ইতিমধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে চর্চিত হলেও তা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে ওই দেশের রাজনৈতিক মহলে এখন তোলপাড় চলছে।
ব্রিটেনের লন্ডন শহরের মেয়র পদে বহুদিন ধরেই সাফল্যের সঙ্গে আছেন সাদিক খান। ২০১৬ সাল থেকে টানা মেয়রের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এরপর শাবানা মাহমুদ যদি ওই দেশের প্রধানমন্ত্রী হন, তাও ইতিহাস হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রধানমন্ত্রী স্টারমারের আস্থাভাজন, জনপ্রিয় শাবানা মাহমুদের ভবিষ্যত নিয়ে বিভিন্ন দেশেই এখন জল্পনা তুঙ্গে উঠেছে।

Be the first to comment