রোজদিন ডেস্ক : বিশালাকার, বড় বড় চোখ, সৌদি আরবে জনপ্রিয় এই প্রাণীর পাসপোর্ট চালু হচ্ছে। সূত্রের খবর, ওই দেশের পরিবেশ, কৃষি ও জল মন্ত্রকের মতে, এর ফলে উট পালনের ক্ষেত্রে উৎপাদনশীলতা, দক্ষতা বৃদ্ধি-সহ নির্ভর যোগ্য তথ্য ভান্ডার তৈরি করা যাবে। মূলত আরব দেশগুলিতে উট পরিবহণ-সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। উটের পাসপোর্ট চালু হলে তা এই প্রাণীদের পরিবহণ ব্যবস্থা ও কেনাবেচা নিয়ন্ত্রণ করবে। উট ব্যবসার সব নথিপত্র ঠিক রাখা, মালিকানা নিশ্চিত করা ও তাঁদের অধিকার রক্ষার সহায়ক হবে।
প্রতি বছর সৌদি আরবে উট উৎসব, তাদের সৌন্দর্য প্রতিযোগিতাও হয়। কৃত্রিম উপায়ে তাদের সুন্দর করার চেষ্টায় লাগাম টেনেছে সরকার। তাদের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই দেশের পাহাড়ের গায়ে উট, ঘোড়ার ভাস্কর্য খোদাই করা আছে, যা সাত হাজার বছরের পুরানো বলে দাবি করা হয়৷ উট আরব জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করা হয়।
সম্প্রতি সৌদি আরবে উটের ছবি সম্বলিত পাসপোর্ট সমাজ মাধ্যমে দেখা গেছে বলে জানা যায়।

Be the first to comment