রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি হলেও সংশোধিত বাজেটে তা ছাঁটাই করা হয় বলে অভিযোগ উঠেছে। অথচ প্রতিরক্ষা ক্ষেত্রে এর সম্পূর্ণ বিপরীত ছবি। সেখানে বরাদ্দর অনেক বেশি টাকা খরচ হয় বলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানিয়েছেন। তিনি জানান, আজ কেন্দ্রীয় বাজেটে গতবারের তুলনায় ১৭ হাজার কোটি টাকা বেড়েছে। কিন্তু গতবার সংশোধিত বাজেটে শিক্ষা খাতে ৬ হাজার কোটি টাকা ছাঁটাই করা হয়েছে। শিক্ষা মিশন, মিড ডে মিলেও বরাদ্দ যা ছিল তা পরে ছাঁটাই হয়।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী ও পৃথক ভাবে বলেন, শিক্ষা নিয়ে কেন্দ্র যে উদাসীন কেন্দ্রের বাজেটেই তা স্পষ্ট। শিক্ষায় আধুনিকীকরণের দাবি উপেক্ষিত। ফলে শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ বাড়ছে। সাধারণ মানুষের সন্তানরা শিক্ষায় বঞ্চিত হচ্ছেন।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা আরও বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও একই ছবি। কেন্দ্রীয় সরকার শিক্ষার উন্নয়ন চায় না বলে তিনি আক্ষেপ করেন। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী শিক্ষা খাতে জিডিপি-র ৬% দেওয়ার তিনি দাবি করেন।
দুই শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদকই মনে করেন, শিক্ষায় উন্নয়ন, আধুনিকীকরণের বিষয়ে সরকার উদাসীন। শিক্ষার মান দিনদিন কমছে বলে তাঁরা আক্ষেপ করেন।

Be the first to comment