প্রস্তুত পর্ষদ, আজ থেকে শুরু মাধ্যমিক, নিরাপত্তা থেকে পরিবহণ একাধিক ব্যবস্থা প্রশাসনের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি শেষ পর্ষদের। প্রশ্ন ফাঁস রুখতে বদ্ধপরিকর মধ্যশিক্ষা পর্ষদ এবারও একাধিক ব্যবস্থা রাখছে। থাকছে কড়া নিরাপত্তাও।পরীক্ষাকেন্দ্রগুলো যেমন সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে ঠিক তেমনই পরীক্ষা কেন্দ্রের চারপাশ যাতে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকে সেই বিষয়টাও নিশ্চিত করা হয়েছে। গত বারের মতো এবারও প্রশ্ন পত্রে থাকবে কিউ আর কোড। পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীদের সঙ্গে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষাকেন্দ্রে ফোন নিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে। স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটারের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না। ২টোয় পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়া যাবে না।নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।
কলকাতা পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা ৯৪৩২৬১০০৩৯-এ ফোন করতে পারবেন। প্রয়োজনে পুলিশ কর্মীরা সরাসরি সাহায্যে এগিয়ে আসবেন। পরীক্ষার্থী যদি বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসেন বা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আশঙ্কা থাকে, সে ক্ষেত্রেও মিলবে পুলিশি সাহায্য । ১৫টি রুটে অতিরিক্ত কুড়িটি বাস চালানোর কথা জানিয়েছে পরিবহন দফতর। এছাড়াও পরীক্ষার সময় কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অ্যাম্বুলেন্স থাকবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে লোকাল ও এক্সপ্রেস বাস পরিষেবা চালু থাকবে আরামবাগ, তারকেশ্বর ও চাঁপাডাঙ্গা এলাকায়।
পর্ষদও নিজস্ব কন্ট্রোলরুম চালু করেছে। সকাল ৬টা থেকে রাত ৯টা এবং পরীক্ষার দিনগুলিতে ২৪ ঘণ্টা এই কন্ট্রোল রুম খোলা থাকবে। নম্বরগুলি হল ০৩৩ ২৩২১৩৮২৭, ০৩৩ ২৩৫৯২২৭৪। পরীক্ষা শুরু বেলা এগারোটায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*