পঞ্চান্ন বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘ পঞ্চান্ন বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেতে চলেছে রাজ্য। ১৯৭১ সালের ২ এপ্রিল প্রয়াত অজয় মুখার্জির পর ২০২৬ সালে জেলা থেকে মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। অবিভক্ত মেদিনীপুর থেকে এসেছিলেন বাংলা কংগ্রেস নেতা অজয় মুখার্জি।দীর্ঘ পঞ্চান্ন বছর পর বিভাজিত মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর জেলা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। উভয়েই অবিবাহিত। দলের প্রতি একনিষ্ঠ। রাজনীতিই তাঁদের ধ্যান জ্ঞান। প্রয়াত অজয় মুখার্জি রাজ্যের প্রথম অকংগ্রেসি সরকার যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনবার তিনি মুখ্যমন্ত্রী হলেও সংক্ষিপ্ত ছিল তাঁর কার্যকাল।


প্রথম বার ১৯৬৭ সালের পয়লা মার্চ। দ্বিতীয় বার ১৯৬৯ সালের ২৫ ফেব্রুয়ারি, এবং তৃতীয় বার তিনি ১৯৭১ সালের ২ এপ্রিল মুখ্যমন্ত্রী হন। প্রথম বার ১৯৬৭ সালের ২১নভেম্বর, দ্বিতীয় বার ১৯৭০ সালের ৩০ জুলাই এবং তৃতীয় বার ১৯৭১ সালের ২৫ জুন তাঁর কার্যকাল শেষ হয়ে যায়। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, গান্ধীবাদী সৎ এই মানুষটি পরবর্তীকালে রাজনীতিতে আর তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেননি।
শুভেন্দু অধিকারী এবার দুটি কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন৷
গতবার নন্দীগ্রামে তিনি প্রায় ১২০০ ভোটে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিলেন। এবার ভবানীপুরে র মর্যাদার লড়াই-এ ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি একাধিক মুখ্যমন্ত্রী, জাতীয় স্তরের নেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জমকালো অনুষ্ঠানে তিনি রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। ২০৭ জন বিধায়ককে নিয়ে শুরু হবে তাঁর যাত্রা।
প্রথম রাজনৈতিক জীবনে শুভেন্দু অধিকারী কংগ্রেসে ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। বছর পাঁচেক আগে আসেন বিজেপিতে।
ঘরের ছেলের মুখ্যমন্ত্রী হওয়ার খবরে নন্দীগ্রাম সহ গোটা জেলা জুড়ে এখন উৎসবের আমেজ।
অন্যদিকে সেজে উঠেছে কলকাতার বিধান সভা ভবন, মহাকরণও। আলোকমালায় সজ্জিত হয়ে সেখানেও উৎসবের ছোঁয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*