রোজদিন ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কোদালিয়ায় পাঁচ বছরের এক শিশুর রহস্য মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কাল সন্ধ্যায় শিশুটিকে রক্তাক্ত, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। পুলিশ তার দাদু, দিদা ও পরিচারিকাকে আটক করে জিজ্ঞসাবাদ করছে বলে জানা যায়। কিভাবে এই মর্মান্তিক ঘটনা হল তা নিয়ে বিস্মিত পাড়াপড়শিরা। আজ শিশুটির ময়না তদন্ত হবে বলে জানা যায়। কিভাবে তার মৃত্যু হল, এরপরে জানা যাবে।
স্থানীয় সূত্রের খবর, শিশুটির বাবা মা উভয়েই কর্মরত। দাদু দিদার কাছে তাকে রেখে কাজে যান তাঁরা। শিশুকে দেখাশোনার জন্য এক পরিচারিকাও আছেন।গতকাল সন্ধ্যায় হঠাৎই ওই বাড়ি থেকে চিৎকার শুনে পড়শিরা অনেকে গিয়ে শিশুকে রক্তাক্ত, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিস্ময়ের ঘোর কাটিয়ে চটজলদি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শিশুটির দেহে আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ। সোনারপুর পুরসভার প্রধান পল্লব দাস এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে বলেন, কি ভাবে তা হল পুলিশ তদন্ত করছে।
শিশুর মা একটি নামী বৈদ্যুতিক বিপনিতে কাজ করেন। বাবা কাজ করেন এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় তাঁরা সহ পুরো পরিবারই শোকে মুহ্যমান। বাড়িতে অন্যরা থাকা সত্বেও কিভাবে এই ঘটনা হল কেউ বুঝতে পারছেন না।

Be the first to comment