রোজদিন ডেস্ক : শাড়ির ভাঁজে লুকিয়ে মাছরাঙা পাখির পালক পাচার করতে গিয়ে ধরা পড়লো আন্তর্জাতিক পাচারকারী। বারুইপুর ডাকঘরের কর্মীদের তৎপরতায় এই চোরাচালান সামনে আসে। যা নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। ধৃত মিনাতুল্লাহ নেগাবন সুন্দরবনের ঢোলাহাটের বাসিন্দা। গতকাল বারুইপুর ডাকঘরে তিনি কিছু জিনিস পাঠাতে আসেন। পার্সেলগুলির আকার, তাঁর আচরণে কর্মীদের সন্দেহ হয়। তা খুলে দেখাতে বললে তিনি পালানোর চেষ্টা করলে কর্মীরা তাঁকে ধরে ফেলে পুলিশে খবর দেন। পুলিশ এসে শাড়ির ভাঁজে রাখা মাছরাঙা পাখির পালক উদ্ধার করে। আন্তর্জাতিক বাজারে এর অনেক দাম। ধৃত মিনাতুল্লাহ এই সব পালক বিহার থেকে পেয়েছেন বলে জানান। পুলিশের অনুমান, চিনে তা পাঠানো হচ্ছিল। বন্যপ্রাণ আইনে এই সব নিষিদ্ধ। এর নেপথ্যে আরও কারা আছে, পুলিশ তা তদন্ত করছে।

Be the first to comment