প্রতিবেদন: বর্ষায় পাহাড়ে ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয় নিত্যনৈমিত্তিক ঘটনা। এর মোকাবিলায় সেখানে স্থায়ী বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। আগামী সেপ্টেম্বর মাস থেকে দার্জিলিং পাহাড়ে আধুনিক সরঞ্জাম-সহ ৫০ সদস্যের একটি স্থায়ী সিভিল ডিফেন্স দল মোতায়েন করা হবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্ন থেকে ভার্চুয়ালি দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করে তিনি বলেন, ভবিষ্যতে পাহাড়ে যে কোনও প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণের কাজ পরিচালনার লক্ষ্যেই এই বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, গত বছরের অক্টোবর মাসের প্রাকৃতিক বিপর্যয়ের অভিজ্ঞতার ভিত্তিতেই রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলার পরিকাঠামো আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই একাধিক সমন্বয় বৈঠক হয়েছে এবং পাহাড়ে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই বিশেষ সিভিল ডিফেন্স ইউনিটে প্রথম পর্যায়ে প্রাক্তন সেনাদের অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী পর্যায়ে অগ্নিবীরদেরও নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ত্রাণ ও উদ্ধারের জন্য আধুনিক সরঞ্জাম সংগ্রহের কাজও শুরু হয়েছে। তাঁর ঘোষণা অনুযায়ী রাজ্যে তিনটি স্থায়ী ও পৃথক বিশেষ উদ্ধারকারী ইউনিট গড়ে তোলা হবে। এর মধ্যে ১০০ সদস্যের একটি ইউনিট কলকাতায়, ৫০ সদস্যের একটি ইউনিট সাগরদ্বীপে এবং আরও একটি ইউনিট দার্জিলিং, কালিম্পং, খরসাংয়ের মতো পাহাড়ি অঞ্চলে মোতায়েন থাকবে। পুলিশ, দমকল ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এই বাহিনী উদ্ধার ও ত্রাণের কাজ করবে।

Be the first to comment