আন্দোলনে আপাতত ইতি, রবিবার সকাল হতেই ভিডিয়ো বার্তা ‘ককরোচ’ অভিজিতের, ‘এটা সবে শুরু… ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে।’

Spread the love

প্রতিবেদন: টানা ৩৭ দিনের আন্দোলন। বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল, ধরনা, কী হয়নি। মাটি কামড়ে রাস্তায় পড়েছিল সিজেপির সমর্থকরা। অবশেষে পিছু হঠল কেন্দ্র। ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপর শনিবার বিকেলেই আন্দোলন প্রত্যাহার করে নেয় সিজেপি। তাই রবিবার সকালটা ছিল তাদের কাছে একেবারেই আলাদা। গতকাল রাতে অনেকদিন পর স্বস্তির ঘুম ঘুমোলেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় সেই কথাই জানালেন দীপকে। সেই সঙ্গে উসকে দিলেন নতুন জল্পনা। তাদের পরবর্তী পদক্ষেপ কী, খোলসা না করলেও সব সম্ভাবনাই জিইয়ে রাখলেন ককরোচ প্রধান। রবিবার সকালে এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিজিত। সেখানে বলেন, ‘এরপর কী করব বা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে, তা নিয়ে চিন্তা না করেই আমি ঘুমোলাম।’ অর্থাৎ এত দিন আন্দোলনের রোডম্যাপ নিয়ে চিন্তা করতে হত। তবে, এবার কয়েকদিন অন্তত তার থেকে মুক্তি। শান্ত গলায় বলেন, ‘এখন কয়েকদিন কোনও আতঙ্ক নেই।’ ভিডিয়োর শেষে জল্পনা বাড়িয়ে অভিজিৎ বলেন, ‘এটা সবে শুরু… ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে।’ তবে এবার কি আরও বড় কোনও যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে সিজেপি, উঠছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*