নির্ভয়ে কাজ করুন, ডিএম, এসডিওদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওদের বাড়তি চাপের বিষয়টি স্বীকার করে নিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে মুখ্যসচিব মনোজ পন্থ সব জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করছিলেন। বৈঠকে কিছুক্ষণের জন্য যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর প্রক্রিয়ার কারণে জেলা প্রশাসনের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, এটা তিনি বুঝতে পারছেন। তবে উন্নয়নমূলক কাজ যাতে কোনওভাবেই থমকে না যায়, সে নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলার বাড়ি, রাস্তা, পরিকাঠামো, এই সব কাজে অবহেলা করা যাবে না। এসআইআরের পাশাপাশি উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী আরও বলেন, এসআইআর নিয়ে আপনারা যে চাপের মুখে পড়ছেন, তা আমার নজরে আছে। এই প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, একজন প্রাক্তন অফিসারকে পাঠিয়েছে ওরা। ভয় দেখাচ্ছে, বিরক্ত করছে। রাত ন’টা, দশটায় ফোন করে হুমকি দিচ্ছে, দিল্লি পাঠিয়ে দেব, বদলি করে দেব বলে। ভয় দেখানো হচ্ছে। আমি বলছি, আপনারা ভয় পাবেন না, আমি আছি। কোনও চিন্তা করবেন না। আপনারা নির্ভয়ে নিজের কাজ করে যান। প্রাক্তন অফিসার বলতে মুখ্যমন্ত্রী প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে ইঙ্গিত করেছেন বলেই প্রশাসনিক মহলের ধারণা। সুব্রত গুপ্তকে নির্বাচন কমিশন বাংলার স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করেছে। পাশাপাশি, রাজ্যের আরও ১২ জন সিনিয়র আইএএস আধিকারিককে ইলেক্টোরাল রোল অবজার্ভার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*