রোজদিন ডেস্ক :
তৃণমূল আমলে হওয়া একাধিক পুলিশি অতিসক্রিয়তা নিয়ে সরব হয়েছিলেন তাঁরা। আজ এই সব ঘটনায় আইপিএস কোটেশ্বর রাও-সহ একাধিক পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীদের সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এর মধ্যে প্রয়াত প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত কে থানায় ডেকে হেনস্থা, কাকদ্বীপে কালী মুর্তিকে পুলিশ ভ্যানে তোলা, কালিয়াগঞ্জে রাজবংশী যুবক হত্যা ইত্যাদি স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ ঘটনা আছে।
আজ বিধানসভায় এই সব শাস্তি মূলক ব্যবস্থার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
প্রয়াত প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত ছিলেন স্পষ্ট বাদী, প্রাক্তন সরকারের জনবিরোধী কাজ নিয়ে মুখ খুলতে পিছপা হতেন না৷ তাঁকে খুব সামান্য কারণে বড়তলা থানায় ডেকে হেনস্থার অভিযোগ ওঠে। তীব্র মানসিক চাপে তিনি বারানসি গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। ওখানেই তিনি প্রয়াত হন। এই ঘটনায় দুই পুলিশ আধিকারিক সাধন দাস ও সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আজ তাঁর এই ঘোষণাকে প্রয়াত পঙ্কজ দত্তর স্ত্রী ইন্দ্রাণী দত্ত স্বাগত জানিয়েছেন।।সারা জীবন সুনামের সঙ্গে কাজ করে আসা এই আইপিএস-কে যেভাবে হেনস্থা করা হয় প্রাক্তন বিরোধী নেতা হিসাবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার তীব্র প্রতিবাদও করেছিলেন। আজ এই সব নিয়ে বিধান সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী কে তীব্র ধিক্কার জানান মুখ্যমন্ত্রী।
প্রাক্তন সরকারের আমলে কালিয়াগঞ্জে এক রাজবংশী যুবককে বিনা কারণে গুলি করে হত্যা করেন মোয়াজ্জেম হোসেন। আজ তাঁকেও সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে নতুন করে এফ আই আরের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
কাকদ্বীপে কালী পুজোয় প্রতিমা ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ কারীদের ওপর আইপিএস কোটেশ্বর রাও এর নেতৃত্বে লাঠিচালনার ঘটনায় তাঁকে ও সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী।
এই ছাড়া কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনের মিছিলে লাঠি চালনার দায়েও এক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হোল বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment