নিজস্ব প্রতিবেদক, কৃষ্ণনগর:
কৃষ্ণনগর শহরে রাজনৈতিক পালাবদলের আবহে এবার তৃণমূল যুব কংগ্রেসের দখলে থাকা একটি পার্টি অফিস নিজেদের নিয়ন্ত্রণে নিল জাতীয় কংগ্রেস। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ কৃষ্ণনগর বাসস্ট্যান্ড সংলগ্ন জেলখানা রোডে অবস্থিত ওই পার্টি অফিসকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

কংগ্রেস কর্মী-সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের দলীয় সম্পত্তি দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস। এদিন শহরের বিভিন্ন এলাকা থেকে কয়েকশো কংগ্রেস সমর্থক পার্টি অফিসের সামনে জড়ো হন। এরপর ভবনের গায়ে থাকা তৃণমূলের নাম ও চিহ্ন সাদা রং দিয়ে মুছে ফেলা হয়। সেখানে কংগ্রেসের পতাকা, ব্যানার ও দলীয় প্রতীক লাগিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
তবে এই কর্মসূচিতে কংগ্রেসের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রার্থী অর্ঘ্য গণ কে দেখা যায়নি। একইভাবে উপস্থিত ছিলেন না কংগ্রেসের সমর্থনে জয়ী হওয়া কৃষ্ণনগর পুরসভার কাউন্সিলরদেরও কেউ। তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কংগ্রেসের প্রবীণ নেতা অসীম কুমার সাহা সাংবাদিকদের জানান, “২০১৪ সালে এই পার্টি অফিসটি নির্মিত হয়। তৎকালীন জেলা কংগ্রেস সভাপতি শংকর সিংয়ের উদ্যোগে পৌরসভার সঙ্গে ৯৯ বছরের লিজ চুক্তির মাধ্যমে জমি পাওয়া যায়। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের আর্থিক সহযোগিতায় ভবনটি তৈরি হয়েছিল। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি-সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা।”
তিনি আরও দাবি করেন, “২০১৭ সালে তৃণমূল কংগ্রেস এই পার্টি অফিস দখল করে নেয়। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও ফল মেলেনি। পরে আদালতের শরণাপন্ন হলে আদালত জমি ও ভবনের মালিকানা জাতীয় কংগ্রেসের বলে স্বীকৃতি দেয়। কিন্তু তৃণমূল তা ছাড়েনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর আমরা আজ নিজেদের উদ্যোগেই পার্টি অফিস পুনর্দখল করেছি।”
ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
কৃষ্ণনগরের রাজনৈতিক মহলে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের বিতর্কিত এই পার্টি অফিস পুনর্দখলকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Be the first to comment