টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জল, প্লাবিত মেদিনীপুরের বিভিন্ন এলাকা; কি পরিস্থিতি জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- একটানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-ঘাটাল, হুগলির আরামবাগ-গোঘাট এবং হাওড়া ও বাঁকুড়ার একাংশও প্লাবিত।

পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে প্রশাসনের তরফে খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। সেখানে রাখা হয়েছে দুর্গতদের। গত সোমবার থেকে বৃহস্পতিবার টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং গড়বেতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভৌগলিক দিক থেকে ঘাটাল এলাকাটি অনেকটা গামলার মতো। ফলে জল বেরোতে সমস্যা হয়।

প্লাবিত গড়বেতা-১ ব্লকের ১০টি এবং গড়বেতা-২ ব্লকের চারটি অঞ্চলও। আগড়া, ধাদিকা, খরকুশমা, বড়মুড়া, সন্ধিপুর, গরঙ্গা, পিয়াশালা, জোগাড়ডাঙা, সারবত, আমলাশুলি এলাকার মানুষজনকে উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হয়েছে। প্রশাসনের তরফে ২১টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় আড়াই হাজার মানুষ রয়েছেন।

শুক্রবার এই জায়গা গুলিতে নতুন করে বৃষ্টি না হওয়ায় নদীর জলস্তর কিছুটা নেমেছে। শনিবারও বৃষ্টি হয়নি। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ডিভিসি ফের জল ছাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*