যানজট ও দূষণ কমানোই লক্ষ্য, দিল্লিতে ১১ হাজার কোটি টাকার ফ্লাইওভারের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ দিল্লিতে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি দুটি ফ্লাইওভারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উদ্বোধনের আগে নির্মাণ শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি। করেন রোড শো-ও। পরে নিজের ভাষণে মোদী বলেন, ‘এক্সপ্রেসওয়ের নাম দ্বারকা, অনুষ্ঠান হচ্ছে রোহিনীতে। আর চারপাশের পরিবেশ ভরে উঠেছে জন্মাষ্টমীর আনন্দে।’

এদিন প্রধানমন্ত্রী জানান, সিঙ্ঘু বর্ডার থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে আগে সময় লাগত ২ ঘণ্টা। ফ্লাইওভার দিয়ে এখন ৪০ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। একই সঙ্গে এনসিআর এলাকায় পণ্য পরিবহণও সহজ হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি প্রমুখ।

উল্লেখ্য, এদিন UER-II করিডর এবং দ্বারকা এক্সপ্রেসওয়ের (দিল্লির অংশ) উদ্বোধন করেন মোদী। দ্বারকা এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ৫,৩৬০ কোটি টাকা। এই ফ্লাইওভার ১০.১ কিলোমিটার লম্বা। অন্য দিকে, ৫,৫৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে UER-II। এনএইচ-৪৪-কে এনএইচ-৪৮-এর সঙ্গে জুড়বে এই করিডর। ফলে রাজধানীর বুকে যানজটের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে। দিল্লি-এনসিআর এলাকার যোগাযোগ ব্যবস্থাও আগের চেয়ে উন্নত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*